শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির সাড়ে ৭ বছরের কারাদণ্ড

শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদির সাড়ে ৭ বছরের কারাদণ্ড

ইরানে শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মাদিকে সাড়ে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রোববার (৮ ফেব্রুয়ারি) তার আইনজীবী মোস্তফা নিলি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়, অপরাধ করার উদ্দেশ্যে জড়ো হওয়া ও এতে যোগসাজশের’ অভিযোগে নার্গিস মোহাম্মাদিকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ওপর ২ বছরের দেশত্যাগের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ‘রাষ্ট্রবিরোধী অপপ্রচার’-এর অভিযোগে তাকে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে ইরানে মৃত্যুদণ্ড ও নারীদের জন্য বাধ্যতামূলক পোশাক নীতির বিরুদ্ধে সোচ্চার অবস্থানের কারণে নার্গিস মোহাম্মাদি গত ২৫ বছর ধরে একাধিকবার বিচার ও কারাবরণের মুখে পড়েছেন। গত এক দশকের বেশি সময় তিনি কারাগারেই কাটিয়েছেন।

মানবাধিকার রক্ষায়, বিশেষ করে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে নার্গিস মোহাম্মাদিকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।