৬ মাসের শিশুকে গলাকেটে হত্যা, ঘাতক মা আটক

৬ মাসের শিশুকে গলাকেটে হত্যা, ঘাতক মা আটক

তারাগঞ্জে জুহি নামের ৬ মাসের শিশুকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় নিহত শিশুর মা তুলশী রানীকে আটক করেছে এলাকার লোকজন। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ী হিন্দুপাড়া মর্মান্তিক এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের বাবুলাল ও তুলসী রানী দম্পতির দ্বিতীয় মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৪-৫দিন থেকে বাবুলালের স্ত্রী তুলশী রানী কোনো কথা বলছিলেন না। নাওয়া-খাওয়াও ছেড়ে দেন। সোমবার সকালে বাবুলালের মা পাতানি বালা তুলশী রানীর কোলে শিশুটিকে দেন খাওয়ানোর জন্য। কয়েক মিনিট পর এসে দেখতে পারেন তার ছেলের বউ শিশুটিকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে বিছানায় রেখে দিয়েছেন। 

এসময় পাতানি বাবলা চিৎকার করলে গ্রামের লোকজন ছুটে এসে ঘাতক মাকে আটক করে রাখেন। ইউপি সদস্য সবিত্রী সেন জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। শুনেছি নিহত শিশুর মা মানসিক রোগে ভুগছেন। 

তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, ঘটনাটি শুনে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।