এবার ভারতের কপালে দুঃখ আছে বললেন পাকিস্তান অধিনায়ক
এশিয়া কাপ ক্রিকেট শুরু হচ্ছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াবে রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাইয়ে। ম্যাচের আগে ভারতের ক্রিকেট দলকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আঘা।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে শিরোপা জিতেছে পাকিস্তান। ফাইনালে আফগানিস্তানকে মাত্র ৬৬ রানে গুটিয়ে দিয়ে ৭৫ রানে জয় তুলে নেয় তারা। সেই ম্যাচে হ্যাটট্রিকসহ ৫ উইকেট নেন পাক স্পিনার মোহাম্মদ নেওয়াজ।
এই পারফরম্যান্সের আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপের মঞ্চে খেলতে নামছে পাকিস্তান। সালমান আলি আঘা বলেন, এবার ভারতের কপালে দুঃখ আছে। আমরা পুরোপুরি তৈরি। দলের সবাই ফর্মে আছে। পরিস্থিতি অনুযায়ী দুই স্পিনার নামানো হবে। নেওয়াজ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব জায়গায় দারুণ করছে। এশিয়া কাপেও সে ম্যাচ জেতাবে।
দুবাইয়ের উইকেট প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। সালমানের মতে, এখানে ১৪০ রানই ম্যাচ জেতার জন্য যথেষ্ট। আমার মনে হয় এখানে লো-স্কোরিং ম্যাচ হবে। যে দল ভালো বল করবে তারাই জিতবে। আমাদের বোলাররা দারুণ ফর্মে আছে, আমরা আত্মবিশ্বাসী, যোগ করেন পাক অধিনায়ক।
উল্লেখ্য, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে একই ভেন্যু দুবাইয়ে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। তবে এরপরের প্রতিটি বড় আসরে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ সালের এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। তবুও অতীতের পরাজয় ভুলে আবারও ভারতকে হারানোর স্বপ্ন দেখছে পাকিস্তান শিবির।