গাজায় হাসপাতালে হামলার ঘটনায় ‘খুশি নন’ ট্রাম্প

গাজায় হাসপাতালে হামলার ঘটনায় ‘খুশি নন’ ট্রাম্প

গাজায় নাসের হাসপাতালে সবশেষ ইসরাইলি বিমান হামলায় পাঁচ সাংবাদিকসহ ২০ জন নিহত হওয়ার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অসন্তোষ প্রকাশ করেছেন।  তিনি বলেন, ‘আমি এতে খুশি নই। আমি এটা দেখতে চাই না’। 

স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। 

যদিও ট্রাম্প বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না বলে মনে হয়েছিল।  এ ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য চাপ দেওয়া হলে তিনি বলেন,  ‘আচ্ছা, আমি এতে খুশি নই। আমি এটি দেখতে চাই না। একইসঙ্গে আমাদের সেই পুরো দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে। ‘

সোমবারের এ হামলায় রোগী, স্বাস্থ্যকর্মী, বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং প্রেস ক্রুসহ ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী কমপ্লেক্সের একটি ভবনের চতুর্থ তলায় দুটি বিমান হামলা চালিয়েছে।  আহতদের সরিয়ে নেওয়ার এবং মৃতদের উদ্ধারের জন্য উদ্ধারকারী দল পৌঁছানোর সময় দ্বিতীয় হামলাটি ঘটে বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়। 

সরকারি ফিলিস্তিন টিভি জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের ক্যামেরাম্যান হুসাম আল-মাসরিও রয়েছেন।  অন্যদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, তাদের আলোকচিত্রী মোহাম্মদ সালামাও নিহত হয়েছেন।

একটি মেডিকেল সূত্র আনাদোলুকে ফটোসাংবাদিক মরিয়ম আবু দাগ্গার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।  এছাড়াও এ হামলায় ফটোসাংবাদিক মোয়াজ আবু তাহাও নিহত হয়েছেন।

মেডিকেল সূত্র আনাদোলুকে আরও জানিয়েছে, তিউনিসিয়ান এবং মরক্কোর সংবাদ সাইটের একজন ফ্রিল্যান্স রিপোর্টার আহমেদ আবু আজিজ ইসরাইলি হামলায় মারা গেছেন। 

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান চালাচ্ছে ইসরাইলি।  প্রায় দুই বছর ধরে চলা ইসরাইলি হামলায় গাজায় ৬২,৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।  সামরিক অভিযানের ফলে দুর্ভিক্ষের মুখোমুখি ছিটমহলটি ধ্বংস হয়ে গেছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।  এছাড়াও উপত্যকাটিতে যুদ্ধ চালানোর জন্য ইসরাইল  আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।