নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় অর্পিতারা

নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় অর্পিতারা

থিম্পুতে অনূর্ধ্ব-১৭ নারী সাফে মেয়েদের যাত্রাটা ছিল দারুণ। স্বাগতিক ভুটানকে হারিয়েছিল ৩-১ গোলের ব্যবধানে। তবে বড় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হেরে গেছে অর্পিতা বিশ্বাসের দল। তাতে দুই জয়ে টেবিলের শীর্ষে থাকা ভারতের অর্জন ৬ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। চার দেশের এই টুর্নামেন্ট হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে দেখা হবে মুখোমুখি লড়াইয়ের ফল, তারপর গোলপার্থক্য।

আজ নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় কিশোরীরা। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৬টায়। নেপাল ম্যাচ সামনে রেখে শনিবার অনুশীলনে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ। ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা জানিয়েছেন,‘ভারত ম্যাচ এখন অতীত। মেয়েরা বেশ চনমনে মেজাজেই অনুশীলন করেছে। নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়াতে সবাই বদ্ধপরিকর। ওরা জয়ের জন্যই মাঠে নামবে। 

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে এ পর্যন্ত ৯টি ট্রফি জিতেছে বাংলাদেশ। দুবার জিতেছে সিনিয়র সাফ, দুবার করে জিতেছে অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-১৯ সাফ এবং একবার করে জিতেছে অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৫। শুধু অনূর্ধ্ব-১৭ জেতা হয়নি। ফলে স্বপ্ন পূরণের পথে বড় ম্যাচে প্রথম ধাক্কায় কাজটা এখন কঠিন হয়ে গেল। ভারতের বিপক্ষে শুরু থেকেই অর্পিতারা ছিল খোলসবন্দি। এই সুযোগে একের পর এক আক্রমণ করে ভারত। এর ফলও পেয়েছে তারা।

এ হারে থামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলের পাঁচ ম্যাচের জয়যাত্রা।  শেষবার বাংলাদেশ হেরেছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে, অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে। ভারত ম্যাচের আগে মেয়েরা সর্বশেষ খেলেছিল ২০২৪ সালে সাফ অনূর্ধ্ব-১৬ পর্যায়ে। যেখানে গ্রুপ পর্বে তারা ভারতকে হারিয়েছিল ৩-১ গোলে আর ফাইনালে টাইব্রেকারে। 
এর আগে আসরের উদ্বোধনী ম্যাচে ভুটানের বিপক্ষে  ম্যাচের একেবারে শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণ শানিয়েও গোল পেতে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়। ৪৫ মিনিট শেষে যোগ করা সময়ে সৌরভী আকন্দ প্রীতি ১-০ ব্যবধানে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে দুটি গোলই করেছেন আলপি আক্তার, ৫৪ ও ৬৫ মিনিটে। উপহার দিয়েছেন দারুণ জয়। ৬১ মিনিটে ভুটানের হয়ে একমাত্র গোলটি করেন দেমা চডেন। গত বছর অনূর্ধ্ব-১৬ সাফে খেলা ১৫ জনই আছেন এই দলে।