অনুমতি ছাড়া ছবি ব্যবহার দুয়া লিপার ১৫ মিলিয়ন ডলারের মামলা

অনুমতি ছাড়া ছবি ব্যবহার দুয়া লিপার ১৫ মিলিয়ন ডলারের মামলা

প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলারের [প্রায় ১৮৩ কোটি ৫৬ লাখ টাকা] মামলা করেছেন বিশ্বখ্যাত পপ তারকা দুয়া লিপা। অনুমতি ছাড়া ছবি ব্যবহার করে টেলিভিশন বিক্রির অভিযোগে এই মামলা করেছেন গায়িকা। মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি জানায়, শুক্রবার ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, ২০২৪ সাল থেকে স্যামসাং তাদের টেলিভিশনের কার্ডবোর্ড প্যাকেজিংয়ে দুয়া লিপার ছবি ব্যবহার করে আসছিল।

অথচ এ বিষয়ে গায়িকাকে কিছু জানানো হয়নি এবং তাঁর অনুমতিও নেওয়া হয়নি। গায়িকার জনপ্রিয়তা ও বৈশ্বিক গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে নিজেদের পণ্যের বাজার সম্প্রসারণের চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি।

মামলার নথি অনুযায়ী জানা যায়, ব্যবহৃত ছবিটি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত আয়োজন অস্টিন সিটি লিমিট ফেস্টিভালের ব্যাকস্টেজে তোলা। ছবিটির কপিরাইটও নিজের বলে দাবি করেছেন গায়িকা।

মামলার নথিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি মন্তব্যও যুক্ত করা হয়েছে। অনেক ব্যবহারকারী সত্যিই মনে করেছিলেন দুয়া লিপা হয়তো ওই টিভি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত।