ওটিটিতে ফিরছে ‘বি-রশ’ জুটি!
বিনোদনজগতের দীর্ঘ প্রতীক্ষিত ‘বি-রশ’ জুটির চার হাত এক হলো অবশেষে। ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের এক রাজকীয় রিসোর্টে তেলেগু ও কোদাভা রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের রেশ কাটতে না কাটতেই ভক্তদের জন্য এলো আরও এক বড় চমক। বিয়ের পর এই জনপ্রিয় জুটিকে প্রথমবার পর্দায় দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। সূত্র বলছে, বড় কোনো সিনেমা নয়, বরং একটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মের অরিজিনাল মিনি সিরিজে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন নবদম্পতি। অনেক বছর পর তাদের অন-স্ক্রিন কামব্যাক নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখন ওটিটি প্রজেক্টের এই খবরটি ভক্তদের উচ্ছ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
উল্লেখ্য, এই বিয়ের এক্সক্লুসিভ ফুটেজ স্ট্রিমিং করার জন্য একটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে প্রায় ৬০ কোটি রুপির প্রস্তাব দেওয়া হলেও ব্যক্তিগত গোপনীয়তার খাতিরে তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন এই যুগল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৪ মার্চ হায়দরাবাদের তাজ কৃষ্ণায় একটি জমকালো রিসেপশন আয়োজনের কথা রয়েছে। পেশাদার জীবনেও এই জুটি চলতি বছর ‘রণবালী’ নামের একটি বিগ বাজেট পিরিয়ড ড্রামায় কাজ করছেন, যা আগামী সেপ্টেম্বরে মুক্তি পাওয়ার কথা। তবে বিয়ের পর তাদের ওটিটি অভিষেকই এখন বিনোদনজগতের সবচেয়ে বড় ‘টক অব দ্য টাউন’।