এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন জোবাইদা-জাইমা
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রাজধানীর ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সঙ্গে প্রথম রোজায় ইফতার করেছেন।
বৃহস্পতিবার পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা এবং হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন তারা।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে রাজধানীর পশ্চিম ভাসানটেক থানা এলাকার জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান।
এলাকার এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
মাহফিলে জাইমা রহমান শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন প্রশ্ন শোনেন। পরে ইফতার মাহফিলে অংশ নেওয়া নারীদের সঙ্গেও কথা বলেন তিনি।